অনলাইনে ১৮ দিনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল
করদাতাদের জন্য রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম চালু হওয়ার পর ১৮ দিনে (৯–২৬ সেপ্টেম্বর পর্যন্ত) অনলাইনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মু’মেন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন বা ই-রিটার্ন দাখিল পদ্ধতি। গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন। এই সময়ে যেসব করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন, তাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তিস্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী বছরের দাখিল করা ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ইতোমধ্যেই ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অধিকতর করদাতাবান্ধব করা হয়েছে। অত্যন্ত সহজ এবং স্বাচ্ছন্দ্য হওয়ায় ইতোমধ্যেই স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পোর্টালের ই-রিটার্ন অপশন ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৩৪ হাজার অতিক্রম করেছে। ই-রিটার্নে সফলভাবে রেজিস্ট্রেশন করতে করদাতার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বায়োমেট্রিক সিমের প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক রেজিস্টার্ড কিনা, তা যাচাই করার জন্য *16001# নম্বরে ডায়াল করতে হবে।





